ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদকবাহী একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবারের এ হামলার বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ওয়াশিংটনের দাবি, একটি সন্ত্রাসী গোষ্ঠী নৌকায় মাদক পাচারের পথে ছিল। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ট্রাম্প প্রশাসনের মাদকবিরোধী অভিযানে গত কয়েক মাসে ৮০ জনেরও বেশি নিহত হয়েছে। তবে সেপ্টেম্বরে একটি নৌকায় দুইবার হামলার অভিযোগ ওঠায় কংগ্রেসে তদন্তের চাপ বাড়ছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, যদি নৌকায় বেঁচে থাকা নিরস্ত্র মানুষের ওপর দ্বিতীয় হামলা চালানো হয়ে থাকে, তবে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে।
এদিকে ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। ক্যারিবীয় অঞ্চল পুয়ের্তো রিকোতে উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ভেনেজুয়েলার ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে সেখানে যুদ্ধবিমান, নৌবাহিনীর জাহাজ এবং অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন।
