রাজশাহীর বাগমারার স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা ৪৪৪ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
জব্দ হওয়া সারের মালিক ওয়ারেস আলী (৩৫) ভবানীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। বৃহস্পতিবার রাত থেকেই তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে. ওয়ারেস আলীর ভবানীগঞ্জের গরুহাটায় সারের দোকান রয়েছে। তিনি স্থানীয় সার ব্যবসায়ী। তিনি তার বাড়িতে বিপুল পরিমাণ সার মজুদ করে রেখেছেন এমন তথ্য জানতে পারে কৃষি বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষি দপ্তর ও বাগমারা থানার পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে ওয়ারেস আলী আগেই বাড়ি থেকে সটকে পড়েন। এ সময় বাড়ির একটি কক্ষ থেকে ২০০ বস্তা টিএসপি, ২০০ বস্তা ডিএপি ও ৪৪ বস্তা এমওপি সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, সারের খুচরা বিক্রেতা হিসেবে ওয়ারেস আলীর নিবন্ধন আছে। তার বাড়িতে সার মজুদ করা রহস্যজনক।
বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার ওয়ারেস আলীর নাম উল্লেখসহ দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ঘটনার পর থেকে ওয়ারেস পলাতক রয়েছে।
