গ্রেভসের ডাবল সেঞ্চুরি; অবিশ্বাস্য লড়াইয়ে উইন্ডিজের জয়ের সমান ড্র

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পিএম

ক্রাইস্টচার্চ টেস্ট ড্র করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে পথ দেখালেন শেই হোপ। সেই পথে হেঁটে ডাবল সেঞ্চুরি হাঁকালেন প্রথম ইনিংসে 'ডাক' মারা জাস্টিন গ্রেভস। প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অল-আউট হওয়া উইন্ডিজ চতুর্থ ইনিংসে তুলল ৬ উইকেটে ৪৫৭ রান। ম্যাচ হলো ড্র। তাই পঞ্চম দিনে গড়ানো ক্রাইস্টচার্চ টেস্টে হতাশাই হলো নিউজিল্যান্ডের সঙ্গী।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৩১ রানে অল-আউট হয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক টম ল্যাথামের ১৪৫ আর রাচিন রবীন্দ্রর ১৭৬ রানে ভর করে ৮ উইকেটে ৪৬৬ রানের পাহাড় গড়ে কিউইরা। এতে জয়ের জন্য উইন্ডিজের সামনে ৫৩১ রানের অসম্ভব এক টার্গেট দাঁড়ায়। খর্বশক্তির দলটি যে বড় ব্যবধানে হারতে যাচ্ছে, এটা সবাই ধরেই নিয়েছিল। তবে শেই হোপ আর জাস্টিন গ্রেভস সবার ধারণা মিথ্যা প্রমাণ করে দিলেন।

ম্যাচের চতুর্থ ইনিংসের ক্ষতবিক্ষত উইকেটে শেই হোপ খেলেন ২৩৪ বলে ১৪০ রানের অবিশ্বাস্য এক ইনিংস, যা তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ছয় নম্বরে নেমে গ্রেভস গড়েন ইতিহাস। মাত্র ১১তম টেস্ট খেলতে নামা এই ব্যাটার উপহার দেন ৩৮৮ বলে ১ চারে অপরাজিত ২০২ রানের অসাধারণ এক ইনিংস। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ১৯৬ রানের জুটি। এরপরই ক্যারিবিয়ান পেসার কেমার রোচ দেখান তার ব্যাটিং দক্ষতা।

গ্রেভসের সঙ্গে রোচের সপ্তম উইকেট অবিচ্ছিন্ন জুটিতে আসে ৪১০ বলে ১৮০ রান। রোচ অপরাজিত থাকেন ৫৮ রানে। তার চেয়েও বড় কথা, তিনি এই ৫৮ রান করতে খেলেন ২৩৩ বল! বলা বাহুল্য যে, এই পেসারের ক্যারিয়ারের এটা প্রথম ফিফটি। ক্যারিয়ারের সর্বোচ্চ রান তো বটেই। এই জুটি ভাঙতে না পেরে দুই দল ড্র মেনে নেয়। ডাবল সেঞ্চুরির সাথে ৩৫ রানে ২ উইকেট নিয়ে গ্রেভস হন ম্যাচসেরা। আগামী বুধবার থেকে ওয়েলিংটনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত