কৃষকের লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ এএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক কৃষকের আবাদ করা শতাধিক লাউগাছ রাতের অন্ধকারে কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন ওই কৃষক। ঘটনাটি ঘটেছে উপজেলার উথলী ইউনিয়নের বাসাইল গ্রামে। ভুক্তভোগী কৃষক গতকাল শনিবার শিবালয় থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়েদুর রহমান দীর্ঘদিন ধরে উথলী ইউনিয়নের বাসাইল গ্রামের বড় শিবরাম বাড়ি মৌজায় ১৫ শতাংশ জমিতে লাউ চাষ করে আসছেন। প্রতিদিনের মতো গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় তিনি লাউক্ষেতের নিয়মিত পরিচর্যা শেষে বাড়ি ফেরেন। পরদিন ৫ ডিসেম্বর সকাল ৮টার দিকে ক্ষেতে গিয়ে তিনি দেখেন তার আবাদ করা ১০০-এরও বেশি লাউগাছ কে বা কারা রাতের আঁধারে গোড়া থেকে কেটে নষ্ট করে ফেলেছে। তার ক্ষেতে প্রায় এক হাজার লাউ বিক্রির উপযোগী অবস্থায় ছিল। বাজারমূল্য, শ্রম ও সার-ওষুধসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক সৈয়েদুর রহমান বলেন, আগে কখনোই এমন ঘটনা ঘটেনি। যারা এ কাজ করেছে, তারা যাই ভাবুক আল্লাহ সব দেখেছেন। তিনিই এর সঠিক বিচার করবেন।

শিবালয় থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত