বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন আমরা কোনও দিনই রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় আসিনি। আমরা ও আপনারা জাতীয় পার্টি, ধানের শীষ, নৌকা সবই দেখেছি। এবার না হয় একবার দাঁড়িপাল্লায় ভোট দিন। দেখুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশকে কি ভাবে পরিচালনা করে। ভালো না পারলে আর কখনও ভোট দেবেন না।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলা সম্প্রতি কালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গাড়াগ্রাম ইউনিয়নের নতুন টেপারহাট গ্রামের ৯০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওই অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে দলের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা জামায়াতের আমীর নীলফামারী- ১ (ডোমার-ডিমলা) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম সহ প্রমুখ বক্তব্য রাখেন ।
জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, এ দেশটা গরিব দেশ নয়, সম্পদশালী দেশ। কিন্তু দেশে চরিত্রবান নেতাদের অভাব। সে কারণে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।
নির্বাচনের এখনও অনেক বাকি, সামনে আরও বড় চমক দেখা যাবে বলে মন্তব্য করে এটিএম আজহারুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, জামায়াতের খুলনা ডুমুরিয়ায় শুধু কৃষ্ণ চন্দ্রই প্রার্থী নয়, সামনে দেশপ্রেমিক দল ও জনগণকে নিয়ে জামায়াত আরও বড় চমক দেখাবেন। আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম কায়েম শুধু আন্দোলন সংগ্রামে হয় না গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ হয়ে সংসদে যেতে হয়। আল্লাহ সুযোগ দিলে আমরা ইসলামের ভিত্তিতে মানুষের সুখ শান্তির জন্য কাজ করব। এতে শুধু মুসলিম নয়, অমুসলিমরাও উপকৃত হবে এটাই আল্লাহর বিধান।
