প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

নির্বাচন-গণভোটের আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ এএম

নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি।

গতকাল রবিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নির্বাচন ও গণভোটের আয়োজনের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করা হয়। নির্বাচন নিয়ে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গেও নির্বাচন কমিশনের সাক্ষাতের কথা রয়েছে। এর আগে ইসি থেকে জানানো হয়েছিল, প্রথা অনুযায়ী, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে গতকালের বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন ওই বৈঠকে।

প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। এ ছাড়া সর্বাত্মক সহযোগিতা করায় তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও প্রধান উপদেষ্টার মাধ্যমে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইতিমধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকা-ে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।

এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার।’ তিনি বলেন, ‘জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতেই হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার প্রত্যয়ে এগিয়ে চলছি।’

এর আগে, নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল এ সপ্তাহের যেকোনো দিন ঘোষণা করা হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাইয়ের জাতীয় সনদ (সংস্কার সনদ)-সংক্রান্ত গণভোট ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমদিকে একদিনে একসঙ্গে হবে।

জাতীয় নির্বাচনের জন্য সাদা ব্যালট পেপার ব্যবহার করা হবে, যেখানে গণভোটের জন্য ব্যবহার করা হবে গোলাপি ব্যালট পেপার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত