তৃতীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টের আধুনিকায়ন রসাটমের

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থা রসাটম দেশটির সেভেরস্কে অবস্থিত সাইবেরিয়া কেমিক্যাল কম্বাইনের আইসোটপ পৃথককরণ প্ল্যান্টে উচ্চক্ষমতাসম্পন্ন ৯+ প্রজন্মের গ্যাস সেন্ট্রিফিউজ স্থাপনের কাজ শুরু করেছে। এই প্ল্যান্টটি রসাটমের জ্বালানি বিভাগের অন্তর্গত একটি কারখানা। এ নিয়ে রসাটম তাদের যে চারটি কারখানায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়ে থাকে তার মধ্যে তৃতীয়টির আধুনিকীকরণের কাজ শুরু করল।

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজও করছে রসাটম। প্রতিষ্ঠানটির পক্ষে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেভেরস্কের কারখানাটির প্রযুক্তিগত উন্নয়ন সাবলিমেট পৃথককরণ কমপ্লেক্সের আধুনিকীকরণ প্রোগ্রামের একটি অংশ। এর অধীনে আগের প্রজন্মের সব গ্যাস সেন্ট্রিফিউজকে প্রতিস্থাপন করবে অত্যাধুনিক উচ্চক্ষমতাসম্পন্ন সেন্ট্রিফিউজ। সেভেরস্ক প্রকল্পে নতুন সেন্ট্রিফিউজ স্থাপনের কাজ ২০২৭ সাল নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

রসাটমের জ্বালানি বিভাগের ব্যবস্থাপনা কোম্পানি টেভেল-এর প্রেসিডেন্ট নাতালিয়া নিকিতেলোভা বলেন, ‘বিগত কয়েক বছর যাবৎ রসাটমের জ্বালানি বিভাগ রেকর্ড পারফরম্যান্স করতে সমর্থ হয়েছে। একই সঙ্গে আমরা বৃহৎ পরিসরে পারমাণবিক জ্বালানি সাইকেলের সব ধাপে আধুনিকীকরণ প্রোগ্রাম বাস্তবায়ন করে চলেছি। পারমাণবিক জ্বালানি উৎপাদন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং রূপান্তর, আইসোটোপ পৃথককরণের জন্য গ্যাস সেন্ট্রিফিউজের উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত