নভেম্বরের শেষ দিকে ল্যুভর জাদুঘরের মিশর বিভাগে পানির পাইপ লিক হওয়ায় তিন শত থেকে চার শত গবেষণামূলক নথি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রবিবার (৭ ডিসেম্বর) জানিয়েছে প্যারিসের এই জাদুঘর। ক্ষতিগ্রস্ত সামগ্রীগুলো মূলত উনিশ শতকের শেষ ও বিশ শতকের শুরুর দিকের ইজিপ্টোলজি জার্নাল ও গবেষণা-সংশ্লিষ্ট নথি,যেগুলো গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । জাদুঘর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, কোনো ঐতিহাসিক নিদর্শন এতে ক্ষতিগ্রস্ত হয়নি।
ঘটনাটি ঘটে একটি হিটিং সিস্টেমের ভালভ ভুলবশত খুলে যাওয়ার পর, যার ফলে মোঁলিয়েঁন উইংয়ের ছাদ বেয়ে পানি নেমে আসে। বহুদিন ধরে অকেজো থাকা এ পুরোনো ব্যবস্থা ২০২৬ সালে পরিবর্তনের কথা রয়েছে।
ক্ষতিগ্রস্ত নথিগুলো শুকিয়ে নিয়ে পুনরায় বাঁধাই করে সংরক্ষণে ফিরিয়ে আনা হবে। এ ঘটনার কয়েক সপ্তাহ আগে অক্টোবরে প্রায় একশ' দুই মিলিয়ন ডলার মূল্যের গহনা চুরির ঘটনাও জাদুঘরের পুরোনো অবকাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছিল।
সম্প্রতি ল্যুভর ঘোষণা দিয়েছে, অবকাঠামো সংস্কারের বাড়তি খরচ উঠাতে নন-ইইউ দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য বাড়িয়ে ৩২ ইউরো করা হবে । ২০২৪ সালে জাদুঘরটির ৮.৭ মিলিয়ন দর্শনার্থীদের প্রায় সত্তর শতাংশই বিদেশি ছিলো।
