মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশেই ময়লার ভাগাড়

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চারপাশ এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বিজয়ের মাসেও ময়লার ভাগাড় সাফ করা হয়নি। গুরুত্বপূর্ণ এই স্থাপনার পাশে রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান, রয়েছে মসজিদ ও আবাসন। পথচারী থেকে শুরু করে আশপাশে বসবাসকারীরা পৌরসভায় বিভিন্ন সময় আবর্জনা সরানোর জন্য অভিযোগ দিয়েও কোনো সমাধান পাননি। এমনকি বর্তমানে পৌর প্রশাসনের নির্দেশও উপেক্ষিত। অভিযোগ রয়েছে, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জায়গাটি পরিষ্কারের জন্য বলা হলেও পরিচ্ছন্নতাকর্মীরা টাইম নেই বলে চলে যান।

শাহজাদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রামবাড়ী মহল্লার খোনকারে জোলা নামে পরিচিত একসময়ের চলমান ছোট নদী ভরাট করা হয়। ভরাট করা রামবাড়ি মহল্লার এই জায়গার ওপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তিনতলা ভবন নির্মাণ করা হয়। সহজ যাতায়াতের জন্য এ ভবনের দুই পাশ দিয়ে রাস্তাও নির্মাণ করে পৌরসভা। বর্তমানে এই রাস্তা দিয়ে শাহজাদপুর সরকারি কলেজসহ পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দাসহ শত শত মানুষ ও যানবাহন চলাচল করে।

পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক মো. রফিকুল ইসলাম রঞ্জু জানান, স্থানীয় বাসিন্দারা নিত্যদিনের আবর্জনা ফেলে স্থানটি দুর্গন্ধময় করেছেন। তবে স্থানীয়রা জানান, পৌরসভার সুইপার স্থানটি পরিষ্কার না করায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির চারপাশে ভাগাড়ে পরিণত হয়েছে।

শাহজাদপুরের সাংস্কৃতিককর্মী কাজী শওকত বলেন, সামনে ১৬ ডিসেম্বর। বিজয় মাসেও এই স্থানটি অবহেলিত। তিনি বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তিনতলা ভবনের পাশেই একটি মুক্তমঞ্চ করা যেতে পারে। সেখানে যাতে সারা বছর নানা অনুষ্ঠান করা হয়। এজন্য পৌর কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘আমি জায়গাটি পরিষ্কারের জন্য বলেছি। বদলি হয়ে যাচ্ছি। নতুন উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি বলে যাব। ১৬ ডিসেম্বরের আগেই যেন জায়গাটি পরিষ্কার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত