জুল কুন্দের জোড়া গোলে বার্সেলোনার দারুণ জয়

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ এএম

জুল কুন্দের দুর্দান্ত জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২–১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল বার্সেলোনা। নু ক্যাম্পে তিন বছরের বেশি সময় পর নিজেদের চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ফিরেই জয় পেল কাতালান ক্লাবটি।

ম্যাচের ২১তম মিনিটে ফ্রাঙ্কফুর্টকে এগিয়ে দেন আনসগার নাওফ। নাথানিয়েল ব্রাউনের পাস ধরে দ্রুতগতিতে ডিফেন্স ভেদ করে জোয়ান গার্সিয়াকে পরাস্ত করেন তিনি।

বিরতির পর মাঠে নামেন ইংলিশ তারকা মার্কাস র‌্যাশফোর্ড। নেমেই বদলে দেন ম্যাচের ধারা। তার বাম দিকের ক্রস থেকে ৫০ মিনিটে হেড করে সমতা ফেরান ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে। মাত্র তিন মিনিট পর লামিনে ইয়ামালের ক্রস থেকে আবারও গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

৫ বার ইউরোপসেরা বার্সেলোনা ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষ আটে ওঠার লড়াইয়ে টিকে রয়েছে। এতে তারা সরাসরি শেষ ষোলোতে খেলার সুযোগ পেতে পারে। হান্সি ফ্লিকের দল পরবর্তী ম্যাচ খেলবে ২১ জানুয়ারি স্লাভিয়া প্রাগের মাঠে।

অন্যদিকে, বুন্দেসলিগায় খারাপ সময় পার করা ফ্রাঙ্কফুর্ট ছয় ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে। ম্যাচে স্কহিরি ও চাইবির দারুণ দুটি সুযোগ নষ্টই গড়ে দেয় তাদের ব্যর্থতার গল্প। ন্যু ক্যাম্পে চলমান পুনর্নির্মাণের কাজের মধ্যে সীমিত আসনের এ ম্যাচেও বার্সেলোনার জয় অব্যাহত থাকল। ক্লাবটি বলেছে, স্টেডিয়ামের পূর্ণ সংস্কার শেষ হবে ২০২৭ সালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত