লিভারপুলে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে ঘিরে টানাপোড়েন আরও ঘনীভূত হচ্ছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে তাকে বেঞ্চে রাখায় ক্লাব ও কোচ আর্নে স্লটের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন সালাহ। এর জেরে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে দলে রাখা হয়নি। আগামী শনিবার ব্রাইটনের বিপক্ষেও তার খেলা অনিশ্চিত।
সালাহর এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলেছেন তার সতীর্থ আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘মো (মোহাম্মদ সালাহ) আমাদের জন্য কী- সেটা সবাই জানে। আসলে খেলতে না পারলে যে কেউই হতাশ হবে। তবে দলের অনেক বিষয়ই আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’ একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সালাহ ও ক্লাবের এই মনোমালিন্যের ইতিবাচক সমাধান হবে।
গত মৌসুমে ২৯ গোল করা সালাহ এবছর এখন পর্যন্ত ১৯ ম্যাচে মাত্র ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন। প্রথম ১২ ম্যাচে নিয়মিত খেললেও শেষ কয়েকটি ম্যাচে তিনি অনিয়মিত ছিলেন। এই ক্ষোভে তিনি সম্প্রতি বলেছেন, ‘৯০ মিনিট বেঞ্চে বসে থাকব—কল্পনাই করতে পারিনি। মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। আমি ভেবেছিলাম এখানে ক্যারিয়ার শেষ করব, কিন্তু ক্লাব তাদের প্রতিশ্রুতি রাখেনি!’ কোচের সঙ্গে তার সম্পর্ক ‘হঠাৎ করেই’ নষ্ট হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
কোচ স্লট অবশ্য বিষয়টিকে শৃঙ্খলাজনিত ইস্যু হিসেবে দেখছেন। ইন্টার ম্যাচের আগে তিনি বলেছেন, ‘আমি শান্ত স্বভাবের হলেও দুর্বল নই। কোনো খেলোয়াড় এমন মন্তব্য করলে ক্লাবের পক্ষ থেকে অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে।’ সালাহর সতীর্থ আলিসন বেকার এবং ভার্জিল ভ্যান ডাইকও কোচের পাশে দাঁড়িয়েছেন। ভ্যান ডাইক বলেছেন, ‘এ ধরনের বিষয় দলের ভেতরেই থাকা উচিত। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
শুরু হচ্ছে বিগ ব্যাশ: রিশাদের ম্যাচ কবে?
অনেকদিন পর গম্ভীরকে আক্রমণ শহিদ আফ্রিদির
সালাহকে পেতে সবকিছু করতে রাজি সৌদি ক্লাব