বারভিডার এজিএম অনুষ্ঠিত

অটোমোবাইল শিল্পে সমন্বিত নীতিমালা চান ব্যবসায়ীরা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ এএম

রিকন্ডিশন্ড গাড়ি আমদানি বাণিজ্যে বিনিয়োগ, কর্মসংস্থান, ব্যাকওয়ার্ড লিংকেজ ও রাজস্ব কাঠামোর পরিপ্রেক্ষিতে অটোমোবাইল শিল্পের সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন, খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। গত ৯ ডিসেম্বর বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) বার্ষিক সাধারণ সভা থেকে তারা এ আহ্বান জানান। গতকাল বুধবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাধারণ সভায় বারভিডা নেতারা রিকন্ডিশন্ড গাড়ি আমদানি বাণিজ্যে স্থানীয় বিনিয়োগ, ব্যাপক কর্মসংস্থান, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পসমূহে বিনিয়োগ এবং সরকারকে প্রদত্ত রাজস্ব কাঠামোর পরিপ্রেক্ষিতে দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের অবদান তুলে ধরেন।

সভায় সংগঠনের প্রায় সাড়ে ৫০০ সদস্য উপস্থিত ছিলেন। বারভিডা প্রেসিডেন্ট আবদুল হকের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, ভাইস প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট এবং কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

বারভিডা প্রেসিডেন্ট বলেন, বারভিডা একটি সমাজ তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরিবহন খাতে গত চার দশক ধরে সর্বাধুনিক প্রযুক্তির মানসম্পন্ন যানবাহন সরবরাহ করে দেশের পরিবহন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বারভিডা আমদানিকৃত গাড়িগুলো জাপানের অভ্যন্তরীণ মডেলের, যা দেশের সিংহভাগ জনগোষ্ঠী ও প্রতিষ্ঠানের চাহিদা ও প্রয়োজন মিটিয়ে মানসম্পন্ন সেবা প্রদান করতে সক্ষম হচ্ছে। রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ব্যবসা একটি ‘সোশ্যাল বিজনেস’, শুধু মুনাফাকারী ব্যবসা নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত