বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের নিরাপত্তা জোরদারে দায়িত্ব পাওয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি-করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, বিপিএলের অতীত কেলেঙ্কারি বিশ্লেষণে ৯০০ পৃষ্ঠার অধিক তথ্য পর্যালোচনা করে ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ কয়েকজনকে আমন্ত্রণ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার ভাষায়, 'প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়, তাই দুর্নীতি ঘটার আগেই সব সম্ভাব্য ফাঁকফোকর বন্ধ করা হবে।'
বিকেলে এক সংবাদ সম্মেলনে মার্শাল আরও জানান, মাঠের ভেতরের পিএমওএ জোনে মোবাইল ফোন, স্মার্টওয়াচসহ যেকোনো ধরনের যোগাযোগ ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ম্যাচ চলাকালীন এসব ডিভাইস ব্যবহার করলে সেটি সরাসরি নিয়মভঙ্গ হিসেবে গণ্য করা হবে। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন লিগে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের জন্য যেসব সংকেত ও কৌশল ব্যবহার হয়, সেগুলোর সঙ্গে তিনি ভালোভাবেই পরিচিত। ফলে সন্দেহজনক আচরণ বা অস্বাভাবিক সংকেত চোখ এড়াবে না।
বিপিএলের সঙ্গে যুক্ত মালিক, ম্যানেজার, কোচ, খেলোয়াড় এমনকি ক্লাব কর্মকর্তাদের পেছনের আর্থিক উৎস, সম্পর্ক ও অতীত কর্মকাণ্ডও খতিয়ে দেখা হবে। মার্শালের মতে 'বিপিএলে দুর্নীতির সবচেয়ে বড় ঝুঁকি আসে দলের বাইরের লোকজন থেকে, তবে অনেক সময় দল মালিক বা ব্যবস্থাপনার ভেতর থেকেই অসাধু সংযোগ তৈরি হয়ে দুর্নীতির সুযোগ তৈরি হয়।'
মার্শাল বলেন, 'বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত। সেরা ক্রিকেটারদের বিপিএলে আকৃষ্ট করা উচিৎ। বাংলাদেশের খেলোয়াড়দেরও উন্নত করা উচিৎ যারা আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ পর্যায়ে খেলবে। আমার ভাবনা এমনটাই। আমি যখন কাজ করি, অনুভব করি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য কাজ করছি। তারাই আমার কাস্টমার। যারা উঁচু মানের, স্বচ্ছ টুর্নামেন্ট চান।'
এ ছাড়া তিনি জানান, দুর্নীতি প্রতিরোধে বোর্ড, ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দমন নয়, আগাম সতর্কতা ও নীতিনিষ্ঠ আচরণ নিশ্চিত করাই তাদের মূল কৌশল। তার নেতৃত্বে বিপিএলে এবার আগের যেকোনো সময়ের চেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হবে। যার লক্ষ্য একটাই; বিপিএলকে দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক একটি টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠা করা।
'বাকি ক্রিকেটাররা নেশা করলেও করতে পারে, আমার স্বামী করে না'