শুরুটা করা যাক ২০১৮ সাল দিয়ে। ওই বছরের শেষের দিকে মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে পুরোপুরি হতাশ হয়ে যান বলিউড বাদশাহ শাহরুখ খান। ওই সময় দর্শকেরও কাছ থেকেও শুনতে হয় নানা কথা। কিন্তু পাঁচ বছর পর ২০২৩ সালে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে আবার সদর্পে ফিরে আসেন কিং খান। তারপর থেকে আবারও চেনা ছন্দে রাজত্ব করতে শুরু করেন বলিউড বাদশাহখ্যাত এই তারকা। তার পরের গল্পটা শুধুই সাফল্যের। চমকের পর চমক। ২০২৫ সাল যেন শুধুই শাহরুখ খানের। তিন দশকের ফিল্মি ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারপ্রাপ্তি থেকে সম্পত্তির নিরিখে বিশ্বের তাবড় ধনকুবেরদের তালিকায় জায়গা পাওয়া সবখানেই সাফল্যের শিখরে ‘বাদশাহ’। আর এবার ফ্যাশন দুনিয়াতেও নিজের ক্যারিশমার ছাপ রাখলেন তিনি। বিশে^র ‘মোস্ট স্টাইলিশ’ তালিকায় প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ‘কিং খান’। বলিউডের সুপারস্টার শাহরুখ খান আবার প্রমাণ করলেন যে তিনি শুধু অভিনয়েই নয়, স্টাইলেও বিশ্বের সেরা তারকাদের মধ্যে একজন। বিখ্যাত মার্কিন পত্রিকা ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ তাদের ২০২৫ সালের ৬৭ জন সবচেয়ে স্টাইলিশ ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকায় জায়গা পেয়েছেন শাহরুখ। তার চেয়ে বড় কথা, এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয় সেলিব্রিটি।
মেট গালা ২০২৫-এ নজর কেড়েছে শাহরুখের উপস্থিতি। বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে প্রথমবার অংশ নিয়েছিলেন অভিনেতা। সেই রাতেই তার লুক সবাইকে চমকে দেয়। কিং খানের পরনে ছিল কালো রঙের বিশেষভাবে তৈরি কাস্টম পোশাক, যা ডিজাইন করেছিলেন প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। শাহরুখের পোশাকের সঙ্গে ছিল মানানসই একটি বড় ‘কে’ পেন্ডেন্ট, যা তার পরিচিতি ‘কিং খান’-এর প্রতীক হিসেবে আরও নজর কাড়ে। পোশাক, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব সেই রাতের অন্যতম আলোচনার বিষয় হয়ে ওঠেন ‘পাঠান’।
মাসখানেক আগে মেট গালায় যোগ দিয়ে যদিও ফ্যাশন সম্পর্কিত কোনো কথা বলেননি শাহরুখ, বরং বিশ্বমঞ্চে দেশকে এগিয়ে রাখার বার্তা দিয়েছিলেন তিনি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শাহরুখ খানের স্টাইল শুধু পোশাকে নয়, তার ব্যক্তিত্বে অটুট। ৬০ বছর বয়সেও তিনি যেভাবে আধুনিক ও প্রভাবশালী লুকে নিজেকে উপস্থাপন করেন, তা সত্যিই অনন্য। বিশ্বের অন্যান্য জনপ্রিয় ফ্যাশন আইকন জেন্ডায়া, এএসএপি রকি, সাব্রিনা কার্পেন্টার এদের সঙ্গে একই তালিকায় নাম রয়েছে শাহরুখও। যার মাধ্যমে আরও একবার দেশের নাম উজ্জ্বল করেছেন ‘জাওয়ান’।
দীর্ঘদিন ধরে সিনেমার পর্দায় আধিপত্য করছেন শাহরুখ। তার পোশাক নির্বাচন, ব্যক্তিত্ব, জনসমক্ষে আত্মবিশ্বাসী উপস্থিতি সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম তাকে ‘গ্লোবাল স্টাইল আইকন’ হিসেবে দেখছে।
বর্তমানে শাহরুখ ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘কিং’-এর কাজ নিয়ে। এর মধ্যেই তিনি দর্শককে জানান দিলেন ‘পাঠান ২’ নির্মাণের কথা। এরই মধ্যে সিনেমাটির কাজ শুরু হয়ে গেছে বলেও জানালেন তিনি। শুধু কী তাই, চমকের আরও যেন বাকি আছে অনেক। ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল কলকাতায় পা রাখতে চলেছেন বিশ্ব ফুটবলের নতুন জাদুকর লিওনেল মেসি। শহর তিলোত্তমা যখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, তখনই বোমা ফাটালেন শাহরুখ খান। মেসির কলকাতা সফরের সঙ্গী হতে চলেছেন কিং খানও। অতঃপর একই মঞ্চে ফুটবলের ঈশ্বরের সঙ্গে বাদশাহর দর্শনপ্রাপ্তি যে তিলোত্তমাবাসীদের জন্য পরম পাওনা হতে চলেছে, তা বলাই বাহুল্য।