হাদির মাথায় গুলি এক পাশে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ বলেন, শরিফ ওসমান হাদির মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে।

তিনি বলেন, হাদীর মাথার সিটিস্ক্যান করে আমরা গুলির একটু অংশ বা পিলেট দেখেছিলাম। অপারেশনে সেই অংশ বের করা হয়েছে।

শরীফ ওসমান হাদীর অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ কথা বলেন তিনি।

ডা. আবু জাফর বলেন, হাদীর অবস্থা আশংকাজনক। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচার শেষে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। যখন হাসপাতালে আসে তখন জিএস ছিল সর্বনিম্ন। যেটা ৩ থেকে ১৫ পর্যন্ত থাকে। সেখান থেকে চিকিৎসকদের চেষ্টায় উন্নত হয়েছে। আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন। উনার ব্রেনের অবস্থা ছিল কানের ডান দিক দিয়ে ঢুকে বাম দিয়ে বের হয়ে গেছে। বুলেট ইনজুরি হচ্ছে যেদিক দিয়ে ঢুকে সেদিক ছোট, যেদিক দিয়ে বের হয় বড় ইনজুরি হয়, সেটাই হয়েছে। ব্রেন ইনজুরি হলে, ব্রেন ফুলে ফেপে যায়, প্রেসার বেড়ে যায়। এটা অত্যন্ত ক্ষতিকারক। এটা যাতে না হয়, এজন্য নিউরো সার্জনরা যারা ছিল ডা. জাহিদ রায়হান ও তার টিম, তারা ব্রেনের খুলিটা বড় করে খুলে দিয়েছে, যাতে প্রেসার না বাড়ে।

তিনি বলেন, নাক ও গলা দিয়ে কিছুটা রক্তক্ষরণ হচ্ছিল। সেটা নাক গলার চিকিৎসকরা ঠিক করে দিয়েছে। আমাদের সরকারি ভাবে সিদ্ধান্ত ছিল তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার। কিন্তু পরিবারের পক্ষ থেকে চাচ্ছেন এভারকেয়ার হাসপাতালে নিয়ে যেতে। আমরা এভারকেয়ার হাসপাতালে যোগাযোগ করে সেখানে পাঠিয়ে দিয়েছি।

এর আগে শুক্রবার বিকালে অপারেশন থিয়েটারে লাইফ সাপোর্টে নেওয়া হয় গুলিবিদ্ধ ওসমান হাদিকে। লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।

সেসময় পরিচালক বলেন, রোগী যখন হাসপাতালে আসে তখন থেকেই ক্রিটিক্যাল ছিল। অপারেশন থিয়েটারে আছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলিটি তার ব্রেইনের ভিতরে আছে। তার অবস্থা আশঙ্কাজনক। সিটিস্ক্যানে তার মাথায় গুলি পাওয়া গেছে। এই মুহূর্তে তার মাথার অস্ত্রোপচার চলছে।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়।

হাসপাতালে সহকর্মী মিসবাহ জানান, জুম্মার নামাজ পরে নিজের নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন মসজিদে যাওয়ার কথা ছিল ওসমান হাদির। দুপুরে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় হেলমেট পরা ২ জন মোটরসাইকেলে এসে গুলি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত