মুক্তিযুদ্ধে শহীদ তিন বোন স্মরণে ত্রিবেণী চিত্র প্রদর্শনী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ এএম

মহান মুক্তিযুদ্ধে শহীদ তিন বোনের স্মরণে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখালের বিক্রমপুর যাদুঘর প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী ত্রিবেণী চিত্র প্রদর্শনী ও জনস্বাস্থ্য মেলা।

গতকাল রবিবার বেলা ১১টায় এ চিত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন করা হয়। এই প্রদর্শনীর আয়োজন করেছে নৈর্ঋত স্টিডিও। এতে সহযোগিতা করছে মুক্ত আসর ও স্বপ্ন ৭১ প্রকাশন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দর্শকের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী ও মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বাংলাদেশ পাবলিক হেলথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. অধ্যাপক মুজাহেরুল হক। স্বাগত বক্তব্য দেন ত্রিবেণী চিত্র প্রদর্শনী ও জনস্বাস্থ্য মেলার সদস্য সচিব  আব্দুল লতিফ। এদিকে, শহীদ তিন বোনের সাদাকালো একটি মাত্র ছবি অবলম্বন করে তাদের বিভিন্ন ধরনের ছবি এঁকেছেন শিল্পীরা।

নৈর্ঋত স্টুডিওর প্রতিষ্ঠাতা আয়শা জাহান নুপুর জানান, এই প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধে শহীদ তিন বোন আসমা বেগম, ফাতেমা বেগম ও নাজমা বেগমের ব্যবহৃত পোশাক। ত্রিবেণী প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের সময় একসঙ্গে শহীদ হওয়া তিন বোনের স্মৃতি তুলে ধরা হয়েছে চিত্রকলা, ইনস্টলেশন, ভিজ্যুয়াল মাধ্যম এবং তাদের ব্যবহৃত পোশাকের প্রদর্শনীর মাধ্যমে।

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে ৩ এপ্রিল চট্টগ্রামের খাসিয়াপড়া এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর মর্টার শেলের আঘাতে শহীদ হন তিন বোন আসমা বেগম, ফাতেমা বেগম ও নাজমা বেগম। বাবা মো. শামসুল হকের রেলওয়েতে চাকরির সুবাদে চট্টগ্রামে থাকতেন তারা। তাদের আদি নিবাস মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত