রূপপুরে পারমাণবিকভীতি কাটাতে মাসব্যাপী আয়োজন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ এএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের নির্মাণকাজ শেষে এখন জ¦ালানি লোডের প্রস্তুতি চলছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি চালুর আগে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্ন, ভুল ধারণা, উদ্বেগ ও কৌতূহলের সঠিক এবং তথ্যভিত্তিক উত্তর দিতে জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থা রসাটমের যৌথ উদ্যোগে মাসব্যাপী এই কর্মসূচির আওতায় পাবনার বিভিন্ন উপজেলায় বিজ্ঞান উৎসব, গম্ভীরা পরিবেশনা এবং উঠান বৈঠক হচ্ছে। সেগুলোয় পরমাণু শক্তি কমিশন এবং রসাটমের প্রতিনিধিরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি তাদের নানা প্রশ্নের জবাব দিচ্ছেন।

রসাটমের প্রেস কনসালট্যান্ট ডা. ফরহাদ কামাল জানান, চলমান বিজ্ঞান উৎসবের অংশ হিসেবে রসাটম ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিরা একটি নান্দনিক পারমাণবিক থিমে ব্র্যান্ডিং করা বাসে করে বিভিন্ন এলাকায় ভ্রমণ করছেন। যাত্রাপথে তারা বিভিন্ন জনসমাবেশে অংশ নিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। পাবনার সব উপজেলার মানুষ সরাসরি প্রকল্প প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, পরিবেশগত দিক, প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সামাজিক-অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতে পারছেন।

তিনি জানান, জনগণের আগ্রহ বৃদ্ধি করতে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক খেলাধুলার আয়োজন করা হচ্ছে এবং দর্শকদের মধ্যে পারমাণবিক থিমের স্মারকসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ছাড়া সম্প্রতি ঈশ্বরদী পারমাণবিক তথ্যকেন্দ্র এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগ যৌথভাবে পারমাণবিক প্রযুক্তিবিষয়ক বিতর্ক ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে।

রসাটম জানিয়েছে, এ মাসে আরও দুটি গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে জেলার বিভিন্ন স্থানে স্থানীয় জনগণের অংশগ্রহণে গম্ভীরা পরিবেশনা এবং উঠান বৈঠক। ‘টেকসই, নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ প্রতিপাদ্যে গম্ভীরা পরিবেশনার মাধ্যমে বিনোদনের পাশাপাশি যুক্তিনির্ভর উপস্থাপনায় রূপপুর প্রকল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হবে।

উঠান বৈঠকের লক্ষ্য হলো স্থানীয় জনগণকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে অবহিত করা, সরাসরি আলোচনায় যুক্ত করা, তাদের প্রশ্নের সঠিক ও তথ্যভিত্তিক উত্তর প্রদান, উদ্বেগ ও শঙ্কা দূর করা এবং প্রকল্পের পক্ষে ইতিবাচক জনমত গড়ে তোলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত