মহান বিজয় দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাধীনতার বিপক্ষ শক্তি রাজাকার, আলবদর, আলশামসদের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শাখা ছাত্রদলের আয়োজনে বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে রাজাকার আলবাদর ও আলশামস এর তিনটি কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করা হয়। কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করতে পারলে পুরষ্কারের ব্যবস্থাও করা হয়। এ সময় ‘রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’, আল বাদর রাজাকার দেখা মাত্র জুতা মার’, ‘রাজাকারের চামরা তুলে নিব আমরা’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।
জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন নিয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘রাজাকার, আল-বদর, আল-শামস বাংলাদেশের লক্ষ লক্ষ বীরদের নির্মমভাবে হত্যা করেছে। নারীদের ধর্ষণ করেছে। আজও যারা দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস না করে এবং পাকিস্তানকে বুকে ধারণ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে ঘৃণা জানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেছে।’
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, ‘যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে মুক্তিযোদ্ধাদের হত্যা করতে সাহায্য করেছিল তাদেরকে ঘৃণা প্রকাশের জন্যই আমাদের আজকের এই উদ্যোগ। হয়তো একাত্তরের রাজাকাররা এখন নাই কিন্তু তাদের বংশধররা এখনো দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। যারা প্রকাশ্য দিবালোকে সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা আজ মুক্তিযোদ্ধাকে ভারতীয় ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছেন। আমাদের চরম ভুল ছিল একাত্তরের দেশদ্রোহীদের ক্ষমা করা।’
কর্মসূচি পালনকালে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী, সাধারণ সম্পাদক সরদার জহুরল, সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি জান্নাতুন নাঈম তুহিনা ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা সহ প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
