কুষ্টিয়ায় পূর্ববিরোধের জেরে রসুন ক্ষেতে মুরগি প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের বল্লমাঘাতে হাফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ৪নং জিয়ারখি ইউনিয়নের মঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুল ইসলাম মঠপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত নুরুল হুদার ছেলে।
নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মহিদের রসুন ক্ষেতে হাফিজুলের মুরগি ঢুকে চারা নষ্ট করার অভিযোগে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দুপুরের পর আবারও রসুন ক্ষেতে মুরগি প্রবেশের অভিযোগে মহিদ ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে ঝগড়া এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে মহিদ বাড়ি থেকে ধারালো বল্লম এনে হাফিজুলকে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ববিরোধের জেরে সৃষ্ট ঝগড়া ও সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
