ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিকল্পধারা বাংলাদেশের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বাইপাস সড়কের উপজেলা বিএনপির কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিকল্প যুবধারার আহ্বায়ক আনোয়ার হোসেনের নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। অন্যদের মধ্যে যোগ দেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম লিটন, উপজেলা বিকল্প যুবধারার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক চঞ্চল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শহীদ দেওয়ান, উপজেলার পাটাভোগ ইউনিয়ন যুবধারার সভাপতি বুলেট আহমেদ, শ্রীনগর ইউনিয়ন যুবধারার সভাপতি রাজু আহমেদ প্রমুখ।
এদিকে, বিকল্প ধারার নেতাকর্মীদের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনের বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। তিনি বিকল্প ধারার নেতাকর্মীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল প্রমুখ।
বিএনপিতে যোগদান প্রসঙ্গে শ্রীনগর বিকল্প যুবধারার আহ্বায়ক মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিএনপি থেকে বের হয়ে বিকল্পধারা দল গঠন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে প্রত্যাশিত কার্যক্রম চালাতে পারিনি। পাশাপাশি আসন্ন নির্বাচনেও আমাদের কোনো প্রার্থী না থাকায় রাজনৈতিকভাবে আমরা কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ি। তাছাড়া বিএনপির আদর্শ ও চেতনা আমাদের মনে সবসময়ই ধারণ করা ছিল। তাই আমরা মনে করেছি, নিজেদের মূল রাজনৈতিক ঘরেই ফিরে আসা দরকার। দলীয় ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের স্বার্থেই আমরা বিকল্প যুবধারা ছেড়ে বিএনপিতে যোগদান করেছি।’
