গাজীপুরের কালিয়াকৈরে তিন তলা ভবনের একটি বন্ধ কক্ষ থেকে পোশাক শ্রমিক ইয়াকুব আলীর (২৫) অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় ওই ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, ইয়াকুব আলী দীর্ঘদিন আগে সিরাজগঞ্জ থেকে কালিয়াকৈরে আসেন। পরে তিনি উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় আনোয়ার হোসেনের ভবনে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তিন মাস আগে পরিবারের অজান্তে পাবনার এক মেয়েকে বিয়ে করেন ইয়াকুব। কিছুদিন আগে তার স্ত্রী ওই বাসা থেকে চলে যান। গতকাল দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে তার ভাড়া কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় তার অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করে।
