প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায় বিচারের সুযোগ নিশ্চিতের আহবান

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম

প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায়বিচারের সুযোগ জোরদার করতে আইনি সহায়তা এবং রেফারেল পরিষেবা প্রদানকারীদের সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রতিবন্ধী ব্যাক্তিদের সংগঠন ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড পিপল’স সোসাইটি (ভিপস)।

বুধবার এক কর্মশালায় আলোচনা কালে বক্তারা বলেন, ‘প্রতিবন্ধীরা বিশেষ করে নারী ও মেয়ে শিশুরা যৌন সহিংসতা, নির্যাতন, ধর্ষণ এবং অন্যান্য ধরণের লিঙ্গ-ভিত্তিক সহিংসতার জন্য বেশি ঝুঁকিপূর্ণ। তারা সহজেই শিকার হয়, তবে ন্যায়বিচার পেতে তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়।’ 

রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’র সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আশফাকুর রহমান।

সভাপতিত্ব করেন ভিপস’র সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী মোশাররফ হোসেন মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিপস’র সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

এ সময় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্লাইন্ড অ্যাডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এর নির্বাহী পরিচালক সাইদুল হক, ব্র্যাক এর লিড, ডিসঅ্যাবিলিটি এন্ড ইনক্লুশন জাহিদুল কবির প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিবন্ধী বান্ধব বিচার ব্যবস্থার অভাব, তাদের জন্য অবকাঠামো না থাকা, আর্থিক কারণে ভূক্তভোগীদের মামলা চালিয়ে যেতে অক্ষমতাসহ নানা সমস্য তুলে ধরা হয়। দেশে এই মুহূর্তে ১৫ শতাংশ মানুষ প্রতিবন্ধিতা নিয়ে জীবনযাপন করছেন বলে উল্লেখ করা হয়। বক্তারা ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিস অর্গানাইজেশনকে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে তাদের প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগের আহ্বান জানান।

এছাড়া প্রতিবন্ধীদের স্বার্থে লিগ্যাল এইডের কার্যক্রম তৃণমূল পর্যায় পর্যন্ত প্রসারিত করা উচিত বলে মত দেন তারা। এছাড়া জেলা পর্যায়ে প্রতিবন্ধী সংকট কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়।

কর্মশালায় বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে আইনি সহায়তা অফিস এবং এনজিওগুলো থেকে ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা পরিষেবা পাওয়ার পদ্ধতিগুলি বাধামুক্ত করা, আইনি সহায়তা পরিষেবা প্রদানকারীদের ভিত্তি এবং অগ্রিম সক্ষমতা বিকাশ মানব বৈচিত্রের বিষয়টি অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর বাস্তবায়ন সম্পূর্ণরুপে নিশ্চিতের আহবান জানানো হয় কর্মশালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত