ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে তার আত্মীয়-স্বজনরা ছুটে আসেন বাসায়। কিন্তু নিরাপত্তার কারণে তার পরিবারের কেউ রাতে কারো সঙ্গে দেখা বা কথা বলেননি। আগামীকাল সকালে সবার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে পুলিশ।
হাদির মৃত্যুর ঘটনায় জাড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন তার প্রতিবেশী ও সহপাঠীরা। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জুলাই বিপ্লবের পরে হাদির মতো একজন বীর যোদ্ধাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ওসমান হাদির বাসায় বর্তমানে তার বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন উপস্থিত আছেন।
এদিকে হাদীকে গুলিকরে হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
রাতে ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র সমাজ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করে। এ সময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই দাবিতে ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিক্ষোভের ফলে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঘটনার পরও জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।
