রোনালদোকে ছাড়াই কি পর্তুগাল ভালো খেলছে?

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

পর্তুগাল জাতীয় দল কি ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই বেশি ভালো খেলছে—এমন বিতর্কে সরাসরি ভিন্নমত জানালেন দলের অন্যতম নেতা ব্রুনো ফার্নান্দেস। তার মতে, রোনালদো দলে থাকলে যদি খেলায় গতি বা স্বাধীনতা কমে যায় বলে মনে হয়, তাহলে সেটি রোনালদোর নয়, বরং সতীর্থদেরই ব্যর্থতা।

এক সাক্ষাৎকারে ব্রুনো বলেন, ‘বক্সের ভেতরে ক্রিশ্চিয়ানো এখনও খুব উচ্চমানের খেলোয়াড়। সে ডিফেন্ডারদের নিজের দিকে টেনে নেয়, ফলে অন্যদের জন্য জায়গা তৈরি হয়। কেউ যদি বলে, রোনালদো না থাকলে আমরা বেশি মুক্তভাবে খেলি, তাহলে সেটা আংশিকভাবে আমাদেরই দোষ।’

সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে এক ম্যাচে রোনালদো না থাকলেও বড় ব্যবধানে জয় পায় পর্তুগাল। সেই ম্যাচের পর থেকেই এই আলোচনা শুরু হয়েছে। তবে ব্রুনোর মতে, খেলোয়াড় বদল হলে দলের খেলার ধরন বদলানো স্বাভাবিক। কেউ প্রেসিংয়ে শক্তিশালী, কেউ বল ধরে রাখতে পারদর্শী—সবাই আলাদা গুণ নিয়ে আসে। রোনালদোও তার ব্যতিক্রম নন।

চল্লিশ বছর বয়সী রোনালদো এখন আন্তর্জাতিক ফুটবলে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। দুই শতাধিক ম্যাচে তার গোলসংখ্যা ১৪০ এর বেশি। ২০০৩ অভিষেকের পর থেকে তিনি পর্তুগালের সাফল্যের অন্যতম মুখ। ২০২২ বিশ্বকাপে তাকে একপর্যায়ে বেঞ্চে বসানো হলেও সৌদি আরবের ক্লাব ফুটবলে ধারাবাহিক গোল করেছেন। ফিরেছেন জাতীয় দলেও।

বর্তমান কোচ রোবের্তো মার্তিনেসের অধীনে রোনালদো আবারও পর্তুগালের শুরুর একাদশের গুরুত্বপূর্ণ অংশ। ব্রুনো আরও বলেন, ‘রোনালদো মাঠে আছে কি না, সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে আমাদের উচিত তার শক্তিকে কাজে লাগানো। সবাইকে একে অন্যের সঙ্গে মানিয়ে নিতে হবে, তাহলেই দল উপকৃত হবে।’

আগামী বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগালের প্রত্যাশা আকাশছোঁয়া। সাম্প্রতিক সময়ে ইউরোপের শীর্ষ দল স্পেনকে হারিয়ে নেশনস লিগ জয়ের পর আত্মবিশ্বাস আরও বেড়েছে। ব্রুনোর ভাষায়, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাটা আমাদের জন্য ইতিবাচক চাপ। দল হিসেবে আরও উন্নতি করতে হবে। যদি দলের স্বার্থে আমাকে বেঞ্চেও বসতে হয়, তাতেও আমি রাজি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত