নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করুন: বাসদ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকাসহ সারা দেশে বিভিন্ন স্থানে ছাত্র-জনতা বিক্ষোভ করে। কিন্তু এই বিক্ষোভকে কাজে লাগিয়ে একদল সুযোগ সন্ধানী চিহ্নিত উগ্র গোষ্ঠী প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। প্রথিতযশা সাংবাদিক নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরের ওপর হামলা করে এবং বাংলাদেশের সাংস্কৃতিক জগতের অন্যতম প্রতিষ্ঠান ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। আমরা এই সকল বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, সারা দেশে বিভিন্ন স্থানে নৈরাজ্যকর ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। কথিত ধর্ম অবমাননার নামে গতকাল ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, এই সকল ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার স্বরূপ উদ্ঘাটন জরুরি। নচেৎ এ ধরনের বর্বরোচিত ঘটনা দেশকে গভীরভাবে অস্থিতিশীল করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিভাজন তৈরি করবে। এমন কি এই নৈরাজ্যকর ঘটনা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলবে। অথচ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ দেশের সার্বিক স্থিতিশীলতার জন্য এ মুহূর্তে নির্বাচন অনুষ্ঠান অতিব জরুরি।

বিবৃতিতে তিনি বলেন, দেশের জনগণ গতবছর জুলাই-আগস্টে বাক-ব্যক্তি স্বাধীনতা ও একটা নিরাপদ বাংলাদেশের জন্য রাস্তায় নেমেছিল। দেশবাসী চেয়েছিল স্বাভাবিকভাবে নিজেদের ভাব ভাষা প্রকাশ করতে, চেয়েছিল স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি,  গুম-খুন-আয়নাঘর বন্ধ হবে। এ ছাড়া আরও অনেক স্বপ্ন ছিল কিন্তু এটা ছিল প্রধান চাওয়া। অথচ সেই চাওয়া অনেক আগেই মলিন হয়ে গেছে। হাদির মৃত্যু সেই স্বপ্নকে কালো অন্ধকারে নিমজ্জিত করল। হাদির চিন্তা ও কাজের সাথে আমাদের অনেকেরই অনেক মতপার্থক্য আছে। কিন্তু এভাবে কারো মৃত্যু মেনে নেওয়া যায় না! তিনি ওসমান হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারসহ সকল হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচার দাবি করেন।

বিবৃতিতে তিনি বলেন, এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারার দায় কোনোভাবেই এড়াতে পারে না এবং এরকম স্পর্শকাতর বিষয়ে ব্যর্থতার জন্য তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকার নৈতিক অধিকার নাই উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন।

কমরেড ফিরোজ মব সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। একই সাথে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার করতে সরকারকে বাধ্য করুন এবং সকল অপশক্তির প্ররোচনা পরিহার করে সম্প্রীতি বজায় রাখুন।

কমরেড ফিরোজ গণতন্ত্রের পথে উত্তরণ ও নির্বাচন বানচালের দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত