চেতনানাশক প্রয়োগ

টাকা, স্বর্ণালংকার মোটরসাইকেলসহ মালামাল চুরি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ এএম

ঠাকুরগাঁও সদর উপজেলার রসুলপুর গ্রামে একটি পরিবারের সদস্যদের চেতনানাশক প্রয়োগ করে টাকা, স্বর্ণালংকার, একটি মোটরসাইকেলসহ মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েছেন।

ভুক্তভোগী রিপন কুমার রায় (৩৩) জানান, গত বৃহস্পতিবার রাতের খাবার শেষে পরিবারের চার সদস্যের সবাই ঘুমিয়ে পড়েন। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, ঘরের জানালা খোলা। আলমারিতে রাখা ১ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণের হার, কানের দুল, বালা, দুটি স্বর্ণের রিং এবং একটি আংটি, একটি মোবাইল ফোন, মাতৃত্বকালীন ভাতার একটি চেকের পাতা এবং একটি মোটরসাইকেল চুরি হয়েছে।

রিপন আরও জানান, ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন এবং সকালে সবার শরীর অস্বাভাবিকভাবে দুর্বল ও ঘুমঘুম লাগছিল। তার ধারণা, চোরেরা কৌশলে কোনো কিছুর সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অথবা ঘরে চেতনানাশক স্প্রে করে এই চুরির ঘটনা ঘটিয়েছে। পরিবারের সদস্যদের অসুস্থ দেখে স্থানীয় এক গ্রাম্য ডাক্তারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় রিপন ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত