দেশে ফিরছেন তারেক রহমান, সংস্কার চলছে বগুড়ার বাড়ি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরছেন আগামী ২৫ ডিসেম্বর। ১৮ বছর পর দেশে আসার খবরটি নিশ্চিত হওয়ায় বগুড়ায় তারেক রহমানের বাসাটি এখন সংস্কার চলছে।

বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনে তিনতলা এই বাসাটির গেটে বড় করে লেখা রয়েছে  ‘গ্রীন এস্টেট’।

শনিবার দুপুরে সরেজমিনে দেখো গেছে, খুব জোরেসোরেই গ্রীন এস্টেটের সংস্কার কাজ চলছে। সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু সংস্কার কাজটি শুরু করেছেন। তারেক রহমানের লন্ডন যাওয়ার পর থেকেই তিনতলা বিশিষ্ট ভবনটি প্রায় ১৮ বছর ধরে বন্ধ থাকায় আসবাবপত্রসহ ভেতরের সব কিছু প্রায় নষ্ট হয়ে গেছে। অথচ তারেক রহমান দেশে থাকা অবস্থায় উত্তরাঞ্চলের যে জায়গা যেতেন গভীর রাত হলেও বগুড়ার বাসায় ফিরতেন এবং রাত্রি যাপন করতেন। এই বাসা থেকে বগুড়া তথা উত্তরাঞ্চলের নেতাদের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন গভীর রাত পর্যন্ত।

হেলালুজ্জামান তালুকদার লালু জানান, উনার (তারেক রহমান) বাংলাদেশ আগমনের বার্তা জানার পর আমি উনার নিজের বাসা সংস্কারে হাত দিয়েছি। কারণ তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করছেন। ওটা উনার নিজের বাসা। বগুড়ায় না এসে উনি থাকতেই পারবেন না এবং নিজের বাসাতেই থাকবেন এটা আমার উপলব্ধি। তবে যতটুকু জেনেছি ঢাকা থেকেই মনোনয়ন দাখিল করবেন। কেন্দ্রীয় নেতারা এতটুকু আভাষ দিয়েছেন। মনোনয়ন ঢাকা থেকে দাখিল করলেও বগুড়ায় তিনি আসবেন এবং উনার বাসাতেই থাকবেন।

শনিবার দুপুরে তারেক রহমানের বাসার কাজের তদারকি থাকা রেজা বলেন, তারেক রহমানের এই বাড়িতে আমি কাজ করছি ২০০৪ সাল থেকে। গত ১৮ বছর বাড়ি বন্ধ হয়েছিল। অনেক কিছুই নষ্ট হয়েছে। সবকিছু আবার সাবেক এমপি লালু সাহেবের নির্দেশনা মোতাবেক সংস্কার করা হচ্ছে। দিনরাত কাজ চলছে।

সূত্রাপুর রিয়াজ কাজী লেনের বাসিন্দা আবীর আলম বলেন, ছোটবেলায় শুনতাম, তারেক রহমানের বাসা এটি। গত ১৮ বছর এই বাড়িটি বন্ধ হয়েছিল। তারেক রহমান আসার খবরে সংস্কার কাজ চলছে।  আমরা খুব খুশি। তারেক রহমান বগুড়া আসলে এই বাড়ি থাকবেন। তিনি আগের মতই বগুড়া এসে এই বাসায় থাকবেন এবং আমরা দেখবো, কথা শুনবো উনার। আমরাও কথা বলব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত