কাপ্তাই হ্রদে কায়াকিং করতে নেমে পর্যটকের মৃত্যু

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম

রাঙ্গামাটির বালুখালী ইউনিয়নের একটি রিসোর্টে বেড়াতে এসে কাপ্তাই হ্রদে কায়াকিং করতে নেমে মো. ইফরাত নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার পুরাতন নাজিরাবাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে।

গতকাল শনিবার সকালে কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় কায়াক উল্টে হ্রদের পানিতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বালুখালী ইউনিয়নের স্বর্ণদ্বীপ আইল্যান্ড রিসোর্টে বন্ধুদের সঙ্গে নিয়ে বেড়াতে আসেন ইফরাত। শনিবার সকালে কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে কায়াকিং করতে নামেন তিনি। একপর্যায়ে কায়াক উল্টে গেলে হ্রদের পানিতে তলিয়ে যান তিনি।

পরে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

স্বর্ণদ্বীপ রিসোর্টের স্বত্বাধিকারী আব্দুল ওয়াদুদ বলেন, কায়াকিং করার সময় সবাই লাইফ জ্যাকেট পড়ে হ্রদে নামলেও ইফরাত লাইফ জ্যাকেট পরেননি। হ্রদে বন্ধুদের সঙ্গে মজা করার একপর্যায়ে ভারসাম্য হারিয়ে কায়াক উল্টে যায় এবং তিনি হ্রদের পানিতে তলিয়ে যান। পরে আমরা ফায়ার সার্ভিসকে অবহিত করি, তারা এসে মরদেহ উদ্ধার করে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, কাপ্তাই হ্রদে কায়াকিং করতে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত