জাতীয় নির্বাচন

পোস্টাল ভোট দিতে সাড়ে ৫ লাখ আবেদন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন ভোটার নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। গতকাল রবিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৫ লাখ ২৩ হাজার ২৩৮ জন পুরুষ ভোটার ও ৩৪ হাজার ৬১৯ জন নারী ভোটার রয়েছেন।’

প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৩৬ হাজার ৩১৯ জন নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে ৫১ হাজার ৫৮২ জন, ওমানে ৩৭ হাজার ৭৫৫ জন, মালয়েশিয়ায় ৩৫ হাজার ৪৬৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ২৬ হাজার ৪১৮ জন, যুক্তরাষ্ট্রে ২৩ হাজার ৮০২ জন, কুয়েতে ১৯ হাজার ৬৭৯ জন, যুক্তরাজ্যে ১৮ হাজার ৪৭৯ জন, সিঙ্গাপুরে ১৭ হাজার ৫৯ জন, ইতালিতে ১৩ হাজার ৬৯২ জন ও কানাডায় ১১ হাজার ১১১ জন নিবন্ধন করেছেন। অপরদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গতকাল রবিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত দেশে অবস্থানরত ৮৩ হাজার ৮২ জন বাংলাদেশি ভোটার ইন কান্ট্রি পোস্টাল ভোট, এই ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সর্বোচ্চ কুমিল্লা জেলায় ৫৬ হাজার ৮৮৯ জন। এছাড়া ঢাকা জেলায় ৪৮ হাজার ২৫৪ জন, চট্টগ্রামে ৪৭ হাজার ৩৩৯ জন, নোয়াখালীতে ৩২ হাজার ৭৪৫ জন, সিলেটে ২৩ হাজার ৫৯৫ জন ও চাঁদপুরে ২২ হাজার ৩০৫ ভোটার নিবন্ধন করেছেন। অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সর্বোচ্চ ফেনী-৩ আসনে ৮ হাজার ৭৯২ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৮ হাজার ৭৫ জন, নোয়াখালী-১ আসনে ৭ হাজার ৭৫৭ জন, কুমিল্লা-১০ আসনে ৭ হাজার ৬৪৩ জন ও নোয়াখালী-৩ আসনে ৭ হাজার ২৯০ জন ভোটার পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ভোট প্রদানের জন্য ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ-এ লগইন করে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের তালিকা দেখতে পাবেন এবং নির্দেশিকাতে প্রদত্ত পদ্ধতিতে ব্যালট পেপারে প্রতীকের পাশে ফাঁকা ঘরে টিক চিহ্ন কিংবা ক্রস চিহ্ন প্রদান করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত