দিনভর আন্দোলন আর ডিনদের কার্যালয়ে তালা লাগানোর মুখে অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয়জন ডিন দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীবের সঙ্গে বৈঠকে তারা দায়িত্ব পালনের অপারগতা প্রকাশ করেন।
গতকাল রবিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এসএম একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক আখতার হোসেন বলেন, ‘ডিনরা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। উপাচার্য এখনো সিদ্ধান্ত জানাননি। কাল (আজ) সকালে সিদ্ধান্ত জানানো হবে।’
বৈঠকের বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এসএম একরাম উল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে রাতে ডিনদের বৈঠক হয়। আমরা ছয়জন ডিনের সবাই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পৃথক পৃথকভাবে আবেদনপত্র জমা দিয়েছি। তবে উপাচার্য তার সিদ্ধান্ত জানাননি।’
আওয়ামী লীগের আমলে দায়িত্ব পাওয়া ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হয় ১৭ ডিসেম্বর। এর মধ্যে প্রশাসন তাদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ‘আওয়ামী লীগপন্থি’ এই ডিনদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। গতকাল দুপুরে রাবির ছয় ডিনের সবার পদত্যাগের দাবিতে উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসন ভবনের সব দপ্তরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী।
বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। সেখানে ডিনদের অপসারণের বিষয়ে আশ্বাস দেওয়া হলে সাড়ে ৪টায় কার্যালয়গুলোর তালা খুলে দেওয়া হয়। পরে এ বিষয়ে সন্ধ্যায় ডিনদের সঙ্গে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। সভা থেকে ডিনদের অপসারণের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
এর আগে গতকাল সকালে ছয়টি অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।
তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, আজ (গতকাল) মোটামুটি সব দপ্তরে আওয়ামীপন্থি ডিনদের দপ্তরগুলো তালাবদ্ধ। আমিও এটাই চাই, বিচার না হওয়া পর্যন্ত তালাবদ্ধ থাকুক। সঙ্গে একটা তালিকা করেছি বিগত জুলাইয়ে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করা শিক্ষকদের। ছাত্রদল, ছাত্রশিবির এবং অন্য সংগঠনের কাছে থাকা তালিকাও আহ্বান করছি অনুগ্রহপূর্বক। আমার তালিকায় অনেকে বাদ পড়তে পারে, সেটা আপনাদের কাছ থেকে সংগ্রহ করব আগামী তিন দিনের মধ্যে।
