ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন শেষে আবার কর্মচঞ্চল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেই সঙ্গে চালু হয়েছে স্থগিত হওয়া অনুষ্ঠানগুলোও। গতকাল রবিবার থেকেই চেনা ছন্দে মুখর ছিল পুরো একাডেমি। যদিও সরকার ঘোষিত শোক দিবস শনিবার হলেও শুক্রবার থেকেই শিল্পকলায় হুট করেই ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ সব অনুষ্ঠান স্থগিত করা হয়। এমনকি নাটকের নিয়মিত প্রদর্শনীও স্থগিত করা হয়। বন্ধ হয়ে যায় নাট্যোৎসবের উদ্বোধনী আয়োজনও। শুক্রবার নাট্যতীর্থ আয়োজিত ‘নবীন প্রবীণ নাট্যমেলা ২০২৫’ উদ্বোধন হওয়ার কথা থাকলেও শিল্পকলার সিদ্ধান্তের কারণে সেই উৎসবটি স্থগিত করার ঘোষণা দেন নাট্যমেলার আহ্বায়ক ও নাট্যতীর্থের দলপ্রধান তপন হাফিজ। এই অনাকাক্সিক্ষত পরিস্থিতির জন্য সবার কাছে দুঃখও প্রকাশ করেছেন তিনি।
তবে গতকাল থেকে আবার পুরো উদ্যমে শুরু হয়েছে ‘নবীন প্রবীণ নাট্যমেলা ২০২৫’। তারিখ পরিবর্তন হলেও পূর্ব শিডিউল অনুযায়ীই উৎসবের প্রথম দিন প্রদর্শিত হয় তীরন্দাজ রেপার্টরির প্রযোজনা দীপক সুমন নির্দেশিত ‘কণ্ঠনালীতে সূর্য’। আজ দ্বিতীয় দিন মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের বহুল প্রশংসিত নাটক ‘রাঢ়াঙ’। নাটকটির রচনার পাশাপাশি নির্দেশনায়ও আছেন মামুনুর রশীদ। এ ছাড়া এ উৎসবে দেখা যাবে বাতিঘরের ‘প্যারাবোলা’, নাট্যতীর্থের ‘জুলিয়াস সিজার’, ঢাকা থিয়েটার মঞ্চের ‘ঘরজামাই’, পদাতিক নাট্য সংসদের (টিএসসি) ‘আলিবাবা এবং চল্লিশ চোর’ এবং থিয়েটার নাট্যদলের ‘মেরাজ ফকিরের মা’।
এর আগে শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা মো. মাহমুদল হক জিহাদ বলেন, কিছু সংবাদমাধ্যম এবং বিভিন্ন ফেসবুক পেজে উক্ত বিষয়টি ‘অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব কার্যক্রম বন্ধ ঘোষণা’ করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করে। বিষয়টি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দৃষ্টিগোচর হয়েছে, যা একেবারেই অনাকাক্সিক্ষত এবং দুঃখজনক।