রাজবাড়ী পাবনা মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ আনসার সদস্য আহত

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ এএম

রাজবাড়ীতে বাসচাপায় কনিকা (১০) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কনিকার বাবার নাম আব্দুল কাদের মন্ডল মোল্লা। তার বাড়ি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরনারয়ণপুর গ্রামে। কনিকা একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পাংশা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দীন বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক রয়েছে।

এদিকে, পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের রাব্বি হোসেন (২৭) ও একই ইউনিয়নের মানিকনগর গ্রামের নিশান মুন্সি (২২)। তারা দুজনেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন। ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশার যাত্রী এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গত শনিবার বিকেলে সদর উপজেলার খাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনাটিয়া এলাকার ফিরোজ শাহর ছেলে। আহতরা হলেন নিহত মাহফুজের মা মাহমুদা বেগম (৩৫) ও খালা নরুন্নাহার বেগম (৪৫)। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে ১১ আনসার সদস্য আহত হয়েছেন। গতকাল রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষে আনসার সদস্যদের একটি দল দিগন্ত পরিবহনের একটি বাসে করে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিল। ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত