বড়দিন উপলক্ষে পর পর দুদিন নিজেদের ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুটি প্রদর্শনীর আয়োজন করেছে নাট্যসংগঠন বটতলা থিয়েটার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি। অধ্যাপক আবদুস সেলিমের রুপান্তরে নাটকটি নির্দেশনা দিচ্ছেন ম. সাঈদ। নির্দেশক জানান, ‘রাইজ অ্যান্ড শাইন’ মূলত একজন শ্রমজীবী নারীর দৈনন্দিন জীবন সংগ্রামের মোড়কে শোষিত, নিপীড়িত মানুষের গল্প। ক্ষমতাচর্চার বিবিধ সমীকরণে পিষ্ট মানুষ কীভাবে বাঁচে, তারই শিল্পিত উপস্থাপন এই নাটক। মঞ্চে একজন মরিয়মের মা প্রতিনিধিত্ব করেন দীপু চন্দ্র দাস কিংবা যেকোনো শ্রমজীবী, প্রান্তিক, ভাগ্যাহত মানুষের। নাটকটিতে অভিনয় করেছেন বটতলা থিয়েটারের সদস্যরা।
ম. সাঈদ বলেন, জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটক এক নারীর গল্প, রাইজ অ্যান্ড শাইন। বলা চলে প্রায় সব নারীর, সব মায়ের, সব কর্মজীবী নারীর গল্পগাঁথা। মঞ্চে হয়তো শুধুই একজন অভিনেত্রীকে দেখা যাবে, কিন্তু আপনি আপনার চেনা যেকোনো নারীর সঙ্গে মিলিয়ে নিতে পারবেন তার জীবন। প্রতিদিন সকালে রাস্তায় দলে দলে যে নারীদের আমরা রাস্তা পার হতে বা ফুটওভার ব্রিজে উঠতে ও নামতে দেখি, তেমনই এক নারীর সকাল থেকে শুরু হওয়া জীবনাচার, তার রোজনামচা, সংসারের ‘ঘ্যান-চক্কর’ চুপচাপ সয়ে যাওয়া জীবন, মাল্টিন্যাশনাল ক্রেতার জন্য তৈরি পোশাকের কারখানায় ওভারটাইম, ‘ভাদাইম্যা’ স্বামীর বদমেজাজ এবং একদিন সব ছেড়ে জ¦লে ওঠার চেষ্টার নামই ‘রাইজ অ্যান্ড শাইন’।
