তুরস্কে এক বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত হয়েছেন। মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ পাঁচজনকে নিয়ে আঙ্কার এসেনবোগা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর হায়মানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আবদুলহামিদ দিবেইবাহ এই তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সরকারি সফর শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি এই ঘটনাকে জাতির জন্য এবং সামরিক প্রতিষ্ঠানের জন্য এক ‘বিরাট ক্ষতি’ হিসেবে বর্ণনা করেছেন।
বিমানে সেনাপ্রধান আল-হাদ্দাদ ছাড়াও আরও চার আরোহী ছিলেন। তারা হলেন লিবিয়ার স্থলবাহিনীর কমান্ডার, সামরিক উৎপাদন কর্র্তৃপক্ষের পরিচালক, সেনাপ্রধানের একজন উপদেষ্টা এবং তার দপ্তরের একজন আলোকচিত্রী। বিমানে থাকা পাঁচজনের সবাই প্রাণ হারিয়েছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানান, ‘ডাসল্ট ফ্যালকন ৫০’ মডেলের বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল, তবে এরপর আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
