বিশ্ব সংগীতের দ্বিতীয় ‘পপকুইন’ হিসেবে খ্যাত মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট নানা কারণে বছর জুড়েই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সর্বশেষ চলতি বছর বাগদান সম্পন্ন করে আরেক নতুন অধ্যায়ের সূচনা করেন এই তরুণ পপস্টার। গানের পাশাপাশি মানবিক উদ্যোগের জন্যও বিশ্ব জুড়ে প্রশংসিত টেইলর সুইফট। হাসপাতাল, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ভক্তদের ব্যক্তিগত বিপদ প্রায় সব ক্ষেত্রেই তাকে পাশে দাঁড়াতে দেখা গেছে। এবার আবারও সেই মানবিকতার নজির রাখলেন সুইফট। যুক্তরাষ্ট্র জুড়ে ক্ষুধার বিরুদ্ধে কাজ করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকা-কে ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ফিডিং আমেরিকার এক ইনস্টাগ্রাম পোস্টে গতকাল এই তথ্য জানানো হয়েছে। ছুটির মৌসুমকে সামনে রেখে এই বড় অঙ্কের অনুদানকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংস্থাটির পক্ষ থেকে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তাও প্রকাশ করা হয়েছে।
ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো লেখেন, ‘টেইলর সুইফটের এই উদার অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তার অব্যাহত সমর্থন আমাদের মনে করিয়ে দেয় ক্ষুধা দূর করতে একসঙ্গে কাজ করলে কতটা পরিবর্তন আনা সম্ভব। এই ছুটির মৌসুমে এবং তার পরেও যেন প্রতিটি পরিবারের টেবিলে খাবার থাকে, সেটাই আমাদের লক্ষ্য।’
ফিডিং আমেরিকার সঙ্গে সুইফটের সম্পর্ক নতুন নয়। চলতি বছরের অক্টোবরে হারিকেন হেলেন ও মিল্টনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তায় তিনি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন। এর আগে ২০২৩ সালে টেনেসিতে ঝড়ের পর দুর্যোগ মোকাবিলায় দেন আরও ১০ লাখ ডলার। পাশাপাশি, কানসাস সিটি চিফসের সুপার বোল প্যারেডে নিহত এক নারীর পরিবারের জন্যও আর্থিক সহায়তা করেছিলেন তিনি।
