মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও অন্যান্য বাংলাদেশি পণ্যসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টায় কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক দুটি ফিশিং বোট তল্লাশি করা হয়।
তল্লাশিতে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত আনুমানিক ১০ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩০০ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েল জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত ২২ জনকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
