সুনামগঞ্জের ২৫ গির্জায় বড়দিন উদযাপন, উৎসবে মুখর পাহাড়ি জনপদ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

সুনামগঞ্জ জেলায় উৎসব মুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর)  দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া এই উৎসবের আনুষ্ঠানিকতা আজ বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয়।

জেলা শহর ও সীমান্তবর্তী উপজেলাগুলোর অন্তত ২৫টি গির্জায় বড়দিন উপলক্ষে বিশেষ সাজসজ্জাসহ প্রার্থনা চলে। সুনামগঞ্জ প্রেস বিটারিয়ান চার্চের সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তী জানান, উৎসবের শুরুতেই বাইবেল পাঠ, বিশেষ প্রার্থনা, কেক কাটা ও কীর্তনের আয়োজন করা হয়। জেলার সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা গ্রামের ঐতিহাসিক ‘সাধু টমাসের কাথলিক  ধর্মপল্লী’-তে অনুষ্ঠিত উৎসবে বিশেষ গুরুত্বের সাথে যিশু খ্রিষ্টের জন্ম তীর্থ উপলক্ষে প্রথম উপাসনা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৪০০ জন ধর্মপ্রাণ খ্রিষ্টান অংশগ্রহণ করেন।

ফাদার ওয়াল্টার রোজারিওর পরিচালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ভূমি কর্মকর্তা আধিত্য পাল, প্রধান শিক্ষক ফাদার সরোজ গমেজ, ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ এবং মানবাধিকার কর্মী মুহাম্মদ আমিনুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।  

সুনামগঞ্জের সীমান্তবর্তী খ্রিষ্টান অধ্যুষিত  গ্রামগুলোতে বড়দিনকে কেন্দ্র করে এক বিশেষ প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে নারায়নতলা,উত্তর নারায়নতলা,পুরাতন গুদিগাঁও কাঠাঁলবাড়ি ও পশ্চিম কোনা পাড়া এই এলাকাগুলোতে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক আনন্দ ভাগাভাগি করে দিনটি উদযাপন  করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানিয়েছেন, প্রতিটি গির্জা এলাকায় বিশেষ নিরাপত্তার পাশাপাশি সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করা ছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত