এপস্টেইন মামলার আরও ১০ লক্ষাধিক নথির খোঁজ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ এএম

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট আরও ১০ লাখের বেশি নথি খুঁজে পেয়েছেন মার্কিন কর্মকর্তার। আগামী কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে এসব নথি প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং নিউ ইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা বিচার বিভাগকে এসব নথি খুঁজে পাওয়ার কথা জানান।

স্থানীয় সময় গত বুধবার বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘ভুক্তভোগীদের সুরক্ষা দিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় সম্পাদনার জন্য আমাদের আইনজীবীরা দিনরাত কাজ করছেন। এরপর যত দ্রুত সম্ভব আমরা নথিগুলো প্রকাশ করব।’

সব নথি প্রকাশ করতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলেও জানিয়েছে বিচার বিভাগ।

নতুন একটি আইনের আওতায় এপস্টেইন সংক্রান্ত সব নথি ১৯ ডিসেম্বরের মধ্যে প্রকাশের সময় নির্ধারিত থাকলেও তা করতে না পারায় চাপের মুখে রয়েছে বিচার বিভাগ।

সংস্থাটি বলেছে, তারা কেন্দ্রীয় সরকারের আইন এবং নির্দেশনা অনুযায়ী নথিগুলো প্রকাশে পূর্ণ সহযোগিতা করে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত