ঢাকান্ডচট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাতার প্রবাসীর গাড়িতে হামলা করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রবাসীসহ সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রবাসীর পাসপোর্ট, বিমান টিকিট, নগদ টাকা, মোবাইল সেটসহ সর্বস্ব লুট করে নেয়। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় আহত কাতার প্রবাসী রিফাতুজ্জামান বাদী হয়ে গতকাল দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সোনারগাঁ থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মানরা গ্রামের কাতার ফেরত প্রবাসী রিফাতুজ্জামান ছুটি শেষে গত বুধবার রাতে মাইক্রোবাসযোগে ঢাকার বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। রাত সোয়া ৩টার দিকে সোনারগাঁ অতিক্রমকালে পথে নয়াগাঁও এলাকায় যানজটে আটকা পড়ে তাদের গাড়ি। এ সময় ৮-১২ জনের একটি ডাকাত দল পিস্তল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসীর গাড়িতে হামলা করে। ডাকাতরা গাড়ির সামনের ও সাইটের গ্লাস ভেঙে প্রবাসী রিফাতুজ্জামানসহ তার পরিবারের সাতজনকে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। ডাকাতি কাজে বাধা দেওয়ায় ডাকাতরা প্রবাসীর সহযোগী মনিরুল ইসলামের হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তাদের সঙ্গে থাকা তিনটি মোবাইল ফোন সেট, ৩০ হাজার ২০০ টাকা, প্রবাসীর পাসপোর্ট, বিমান টিকিটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
এদিকে গত বুধবার রাত দেড়টার দিকে মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় ডাকাতির কবলে পড়েন কুমিল্লার লালমাই থানার বিএনপির নেতা শহীদ, বাবুল মেম্বার, মনির হোসেনসহ কয়েকজন বিএনপি নেতা। তাদের গাড়ি ভাঙচুর করে নগদ টাকা, মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এ ছাড়া মধ্যরাতে আষাড়িয়ারচর এলাকায় ডাকাতির হামলায় শিকার হন নোয়াখালীর চাটখিলের যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজসহ কয়েকজন বিএনপি নেতা।
