তীব্র শীত আর ঘন কুয়াশায় দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে সচল হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। কুয়াশার ঘনত্ব কমে আসায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে এই রুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার চাদর জমতে শুরু করে। একপর্যায়ে নৌপথের সিগন্যাল বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়লে নৌ-দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয়। মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয় বেশ কিছু ফেরি।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে সৃষ্টি হয় শত শত যানবাহনের দীর্ঘ সারি। হাড়কাঁপানো শীতে রাতভর ভোগান্তিতে পড়েন শিশু ও বৃদ্ধসহ সাধারণ যাত্রীরা। তবে সকাল থেকে ফেরি ছাড়তে শুরু করায় ঘাট এলাকায় চাঞ্চল্য ফিরে এসেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, নৌপথে কুয়াশা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ফেরি চলাচল শুরু করেছি। আটকে পড়া যানবাহনগুলো দ্রুত পারাপারের জন্য বর্তমানে এই রুটের সবগুলো ফেরি পুরোদমে কাজ করছে।’
