দুমকিতে খাল খননে অনিয়মের অভিযোগ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল খনন কাজে অনিয়ম, সড়ক ভাঙন ও গাছ ধ্বংসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা প্রশাসন ও এলজিডি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সন্তোষদি স্লুইসগেট থেকে হাবিব মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পাংসি ঘাট সংযোগ খাল খননের কাজ চলছে পাউবো’র আওতায়। কাজটি যৌথভাবে বাস্তবায়ন করছে মেসার্স খান এন্টারপ্রাইজ ও সোহাগ এন্টারপ্রাইজ। তাদের পক্ষে সাব-ঠিকাদার হিসেবে কাজ পরিচালনা করছেন পটুয়াখালী শহরের বাসিন্দা মো. সোহরাব হোসেন।

স্থানীয়দের অভিযোগ, খাল খননের আগে নিয়ম অনুযায়ী উভয় পাড়ে প্রোফাইল নির্ধারণ, গাছপালা অপসারণে পূর্ব নোটিশ প্রদান এবং কাজ চলাকালে পাউবো’র ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট উপস্থিত থাকার কথা থাকলেও এসব নিয়ম মানা হয়নি। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই খালের পশ্চিম পাড়ের শতাধিক গাছ ভেকু মেশিন দিয়ে উপড়ে ফেলা হয়। একই সঙ্গে পূর্ব পাড়ের পাকা কংক্রিট সড়কের স্লোপ কেটে নেওয়ায় রাস্তার একটি অংশ ভেঙে খালে পড়ে যায়। এতে এলাকাবাসীর চলাচল চরম ঝুঁকির মধ্যে পড়েছে।

সন্তোষদি গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ‘অনিয়মের প্রতিবাদ করলে ঠিকাদার পক্ষ থেকে আমাদের ভয়ভীতি দেখানো হয়। রাজনৈতিক প্রভাবের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছে না।’ তিনি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত রাস্তা ও পরিবেশ পুনরুদ্ধারের দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে সাব-ঠিকাদার মো. সোহরাব হোসেন বলেন, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সঠিক নয়। তাঁর দাবি, অভিযোগকারীদের অনেকেই অবৈধভাবে খাল দখল করে রেখেছেন এবং পাউবো’র নির্ধারিত সীমানার মধ্যেই খনন কাজ করা হয়েছে। যদিও সড়ক ভাঙনের বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে এলজিইডি প্রকৌশলীকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তিনি এখনো অবগত নন। তবে খাল খননে কোনো অনিয়ম হয়ে থাকলে এবং সড়কসংলগ্ন এলাকায় স্লোপ ছাড়া খননের কারণে ক্ষতি হলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত