গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট উপকূলে পৃথক অভিযানে প্রায় ৪০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) এএনএ সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।
সংস্থার রিপোর্ট অনুযায়ী, ক্রিটের কাছে ছোট দ্বীপ গাভদোস থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে একটি মাছ ধরার নৌকায় থাকা ৩৬৫ জনকে উদ্ধার করা হয়। এই অভিযানে গ্রিক কোস্ট গার্ডের জাহাজ, একটি ডেনিশ মালবাহী জাহাজ এবং একটি হেলিকপ্টার অংশগ্রহণ করে।
এর আগে, একই এলাকায় গাভদোস থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের নৌকায় ৩০ জনকে উদ্ধার করা হয় এবং পরে তাদের ক্রিটে নিয়ে যাওয়া হয়। এছাড়া গত বৃহস্পতিবার ক্রিটের ঠিক দক্ষিণে একটি রাবারের ডিঙ্গি নৌকা থেকে আরও ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।
তুরস্ক থেকে গ্রিস ও লিবিয়া হয়ে গ্রিস গামী সমুদ্রপথগুলো অনিবন্ধিত অভিবাসীদের জন্য সুপরিচিত হলেও বিপজ্জনক। চলতি মাসে একটি নৌকা ডুবে যাওয়ায় ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের বেশিরভাগই মিসর ও সুদানের নাগরিক। একই ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
