স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী গ্রেপ্তার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ এএম

গাজীপুরে মাস্তুরা আক্তার সুমা (২৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যাওয়া ঘাতক স্বামী জালাল ওরফে দুলুকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাব-১ ও র‌্যাব-১৩ এর একটি যৌথ দল কুড়িগ্রামের রাজারহাট থেকে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ ডিসেম্বর রাত আড়াইটার দিকে গাজীপুর নগরীর বাসন থানাধীন চান্দনা এলাকার একটি ভাড়া বাসায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘাতক জালাল হোসেন ও তার স্ত্রী মাস্তুরা আক্তার ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বসবাস করতেন। যৌতুক ও পারিবারিক কলহের জেরে জালাল তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে।

হত্যাকান্ড ঘটানোর পর জালাল নিথর দেহটি ঘরে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায়। পলায়নরত অবস্থায় সে তার শ্বশুরকে ফোন করে বলে, ‘আপনার মেয়েকে মেরে ফেলেছি-এসে লাশ নিয়ে যান।’ খবর পেয়ে বাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এই ঘটনায় গৃহবধূর বাবা মিরাজুল ইসলাম বাদী হয়ে বাসন থানায় একটি মামলা করেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে।

তিনি আরও জানান, অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ ডিসেম্বর রাত ১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট থানাধীন নাজিমখান ইউপির রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকা থেকে ঘাতক জালালকে গ্রেপ্তার করা হয়।

মো. রাকিব হাসান আরও জানান, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত