গণ অধিকারের রাশেদ নিলেন ধানের শীষ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন মুহাম্মদ রাশেদ খান। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল শনিবার দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি ঝিনাইদহ-৪ আসন গণ অধিকার পরিষদকে ছেড়ে দিয়েছিল। তবে নির্বাচনী কৌশল হিসেবে রাশেদ খান ধানের শীষ প্রতীকে লড়তে বিএনপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে নিজ দলের প্রতীক ট্রাক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী জোট গঠন করলেও প্রার্থীদের নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে হয়। এ কারণে প্রাথমিকভাবে রাশেদ খানের ট্রাক প্রতীকে লড়ার কথা ছিল। কিন্তু গত শুক্রবার সন্ধ্যার পর থেকে গুঞ্জন ওঠে, তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন। পরে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর ফেসবুকে পোস্ট দিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ-৪ আসনে (যা ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত) রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়ার।’

তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করব, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সব নেতাকর্মী রাশেদ খানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করুন এবং তাকে বিজয়ী করতে সর্বশক্তি প্রয়োগ করুন।’

রাশেদ খান বলেন, ‘আমি ও নুরুল হক নুর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি, যা সাংবাদিকরা জানেন। এ নিয়ে আমি বিস্তারিত বলতে চাই না। বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি নিজের আদর্শ মনে করি। বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ও ভালোবাসেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে তার সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে  তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি আজ (শনিবার) বিএনপিতে যোগ দিযেছি এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের জন্য সংগ্রাম করে যাব এবং কাজ করে যাব।’

ইতিমধ্যে এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি কুমিল্লা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর-১ আসনে এবং সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত