চট্টগ্রাম নগরে সড়ক দুর্ঘটনায় মো. সোহেল (৩৭) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পতেঙ্গা চরপাড়া আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল ইপিজেড থানার দক্ষিণ হালিশহরের সেলস কলোনী এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি যুবদলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আহমেদ জানান, রাত আনুমানিক ৩টার দিকে সোহেল পতেঙ্গা সি-বিচ এলাকা থেকে নিজে প্রাইভেটকার চালিয়ে ফেরার পথে কাটগড় এলাকায় সামনে থাকা একটি চলন্ত লরির পেছনে ধাক্কা দেন। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।
ওসি আরও জানান, স্থানীয় লোকজন ঘটনাটি দেখে দ্রুত তাকে গাড়ি থেকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে হাসপাতাল থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
