ইরান রাশিয়ার ভোস্তোচনি কসমোড্রোম থেকে সফলভাবে তিনটি স্বদেশী পর্যবেক্ষক উপগ্রহ উৎক্ষেপণ করেছে। এই তিনটি উপগ্রহ হলো জাফর-২, পাইয়া এবং কাওসার ১.৫। রবিবার এই তিনটি উপগ্রহ মহাকাশের পথে যাত্রা করেছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।
উপগ্রহগুলো ইরানের বেসরকারি সংস্থার দ্বারা ডিজাইন করা এবং এগুলো পরিবেশ পর্যবেক্ষণ, জল সম্পদ ব্যবস্থাপনা ও মানচিত্রায়নের কাজে ব্যবহার হবে। এর মধ্যে পাইয়া হলো সবচেয়ে উন্নত উপগ্রহ, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চিত্রের রেজোলিউশন উন্নত করবে।
উচ্চাকাশে উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে রাশিয়ার সয়ুজ রকেট, যা সংবেদনশীল উপগ্রহ পরিবহনের জন্য নির্ভরযোগ্য বলে বিবেচিত। গত দুই বছরে এটি ইরানের ১০তম উপগ্রহ উৎক্ষেপণ, এর মধ্যে জুলাইয়ে একই স্থান থেকে আরেকটি উৎক্ষেপণ করা হয়েছিল।
ইরান বলছে, তাদের মহাকাশ কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং জাতিসংঘের প্রণীত নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে পশ্চিমা দেশগুলো আশঙ্কা প্রকাশ করছে যে, ইরানের উপগ্রহের প্রযুক্তি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সঙ্গে মিল থাকতে পারে। তেহরান অবশ্য স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেছে এবং এটিকে পারমাণবিক শক্তি প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে প্রত্যাখ্যান করেছে।