রূপগঞ্জে দিপু ভূঁইয়ার মনোনয়নপত্র দাখিল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিনি উপজেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের পর মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ধানের শীষ প্রতীক দিয়ে আমাকে মনোনয়ন দেওয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার কোনো বাধা থাকবে না, মানুষ নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে বিএনপি নেতাকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে রূপগঞ্জকে মনের মতো করে সাজাবো। শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান নিশ্চিতকরণ এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। রূপগঞ্জের উন্নয়নের জন্য বরাদ্দ বৃদ্ধির উদ্যোগ নেব, যাতে পরিকল্পিতভাবে সব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায়।

এর আগে, সোমবার বেলা ১১টার দিকে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে দিপু বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিজ হাতে পরিচালনা করতে পারেন— এই কামনায় আমরা দোয়া করেছি। দেশে গণতন্ত্র ফিরে এসেছে, আমরা আবার বুক ফুলিয়ে চলতে পারবো।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি আনোয়ার সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, আশরাফুল হক রিপন, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ, বিএনপি নেতা আলমগীর হোসেন টিটু, আব্বাসউদ্দিন ভূঁইয়া, আবু মোহাম্মদ মাসুম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত