ফের বিএনপিতে ফেরার ইঙ্গিত আবু হানিফের

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

দীর্ঘদিন রাজনৈতিক অনিশ্চয়তায় থাকার পর আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন সাবেক বিএনপি নেতা আবু হানিফ খান। তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় দুমকির নিউ স্টার চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু হানিফ খান বলেন, ২০২৩ সালে পারিবারিক ও বাস্তব পরিস্থিতির কারণে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিএনপির রাজনীতি থেকে সরে গিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। তবে সেখানে প্রত্যাশিত গ্রহণযোগ্যতা না পাওয়ায় তিনি মানসিকভাবে স্বস্তিতে ছিলেন না এবং বর্তমানে কার্যত দলহীন অবস্থায় রয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, বিএনপিই তার রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি। দীর্ঘদিন দলটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থেকে তিনি রাজনীতি করেছেন। তবে ছেলের চাকরির বিষয়কে কেন্দ্র করে ভয়ভীতি ও চাপের মুখে পড়ে তাকে বিএনপির রাজনীতি থেকে সরে যেতে হয়।

তিনি আরও বলেন, সামাজিক ও রাজনৈতিক নানা প্রতিকূলতার কারণে সে সময় তার অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমানে রাজনৈতিক পরিবেশ তুলনামূলকভাবে স্বাভাবিক হওয়ায় তিনি আবার বিএনপির রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী।

আবু হানিফ খান বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এখনও অনেক নেতাকর্মী তার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সহানুভূতি দেখাচ্ছেন। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে তিনি দলীয় নেতৃবৃন্দের কাছে বিষয়টি বিবেচনার আহ্বান জানান।

এ বিষয়ে বিএনপি কিংবা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে আবু হানিফ খানের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত