শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ৮ মিনিট দেরি হওয়ায় আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী প্রত্যাশী আব্দুল্লাহ বাদশা তার মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তিনি দেরিতে পৌঁছানোর কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল।
জানা গেছে, আব্দুল্লাহ বাদশা বিকেল ৫টা ৮ মিনিটে ইউএনও রেজওয়ানা আফরীনের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র গ্রহণের অনুরোধ করেন। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় ইউএনও তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
এ সময় আব্দুল্লাহ বাদশা দেরির কারণ ব্যাখ্যা করে মনোনয়নপত্র গ্রহণের জন্য অনুনয় করেন। তিনি বলেন, ‘আমি ৫টার মধ্যেই (ইউএনওর কার্যালয়) আসছিলাম। রাস্তায় গাড়ির কিছু সমস্যা হয়েছিল, তাই বারবার ফোনও দিয়েছি। আমাকে একটু দয়া করুন।’
ইউএনও রেজওয়ানা আফরীন জানান, ‘প্রার্থীর চোখের পানি আমি বুঝতে পারছি। তবে জাতীয় নির্বাচনে আইনগতভাবে আমার কিছু দায়িত্ব আছে। এর বাইরে যাওয়ার কোনও এখতিয়ার আমার নেই। বিকেল ৫টার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই।’
এ ঘটনার পর আব্দুল্লাহ বাদশা কার্যালয় থেকে বের হয়ে কাঁদতে থাকেন। বিষয়টি এলাকায় নেটিজেনদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
