সোনাগাজী

বন্দুক হাতে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীর ছবি ভাইরাল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম

ফেনীর সোনাগাজীতে এক যুবকের বন্দুক হাতে ফিল্মি স্টাইলে পোজ দেওয়া ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে সর্বত্র তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ওই যুবক যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে ওই যুবকের পিতার দাবি মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করায় পুরাতন ছবি ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া যুবকের নাম মোহাম্মদ তানভীর। সে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের জহির মেম্বার বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। ফেসবুকে ছবি প্রকাশের পর তানভীর আত্মগোপনে চলে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীর যুবদলের রাজনীতির সাথে জড়িত। আগে কাজকর্ম করার পাশাপাশি এলাকায় ভদ্রভাবে চলাফেরা করত, তার বিরুদ্ধে ছিল না কোন অভিযোগ। হাসিনা সরকারের পতনের পর স্থানীয় বখাটেদের সাথে চলাফেরা শুরুর পর অপরাধে জড়িয়ে পড়ে। ঠিকমত কাজকর্ম না করে বেপরোয়া হয়ে উঠে।

তানভীরের পিতা সাহাব উদ্দিন ছেলের যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে দেশ রূপান্তরকে বলেন, আমি গরীব মানুষ। টমটম চালিয়ে পরিবার নিয়ে জীবন পার করছি। এলাকার বখাটেদের পাল্লায় পড়ে সে নষ্ট হয়ে গেছে। আগে ভাল ছিল, কাজকর্মের পাশাপাশি নামাজও পড়ত। বখাটেদের পাল্লায় পড়ে কাজকর্ম ছেড়ে দিয়েছে, মাঝে মাঝে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করলেও অধিকাংশ সময় কাজ না করে আড্ডা দেয়।

বন্দুক হাতে ছবি তোলার বিষয়ে ছেলেকে জিজ্ঞাসা করলে সে আমাকে জানায় স্থানীয় মহাজন বাড়ির নাইম তুলেছে। ছেলে ছবি তোলার বিষয়টি স্বীকার সে আমার কাছে ক্ষমাও চেয়েছে। 

তিনি আরো বলেন, স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ীকে আমার ছেলে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করছে। প্রতিশোধ নিতে তারা নাঈমের ধারন করা ছবি ফেসবুকে ছেড়ে দিয়েছে। ভবিষ্যতে আর কোন অপরাধ কর্মে জড়াবে না জানিয়ে ছেলেকে ভালো হওয়ার সুযোগ দিতে প্রশাসন সহ সবার কাছে মিনতি করে তাকে ক্ষমা করে দেওয়ার আহবান জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত